শিরোনাম : এলো রে ভোট রঙ্গে
কবিতা —এলো রে ভোট রঙ্গে
কলমে —সুশান্ত পাড়ুই
রচনা কাল —০৩/০২/২০২১
----------------------------//-----------------------------
এলো রে ভোট রঙ্গে।
চটুল কথায় গোকুল মজে
স্পষ্ট কথায় কষ্ট খোঁজে
জ্বালা ধরায় অঙ্গে ।
এলো রে ভোট রঙ্গে ।।
বেতাল দেখেই মাতাল সাজি
অসামাল তো হই না
মাস গেলে তো পাস-মানি পাই
মাসকাবারি মাইনা।
কাটমানি খাই বগল বাজাই
কাঠ তো তবু খাইনা।
শানাই ছুরি বানাই পেটো
মন্ত্রী মশাই ছড়ান এঁটো
তাই তো থাকি সঙ্গে।
এলো রে ভোট রঙ্গে।।
মাপ করি না পাপ করে যাই
দাদা আছে ভয় কিছু নাই
গরীব চাষার লুটি মরাই
নেতার ঘরে গোলা ভরাই
বুঝলে বিপদ সটকে পড়ি
রণে যে দিই ভঙ্গে।
এলো রে ভোট রঙ্গে।।
দেয়াল লিখি মাইক ফুঁকি
মিছিল করি প্ল্যাকার্ড সাঁটি
ব্যস্ত খুবই ভোটের পুজো
তাইতো নেতার জুতো চাঁটি।
ঋণখেলাপি বিদেশ ঘোরে
নকল সাধু সকল চোরে
ঘোরে তো একসঙ্গে।
এলো রে ভোট রঙ্গে।।
বস্তি ঘরে দিই কত থ্রেড
ছড়াই টাকা ভরাই ব্রিগেড
চলছে খেলা বঙ্গে
কে যে কখন সেজে আসে
নানা রূপ এক অঙ্গে।
এলো রে ভোট রঙ্গে ।
এলো রে ভোট বঙ্গে ।।
---------------------------//--------------------------
🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻
পরিচয় : পেশায় শিক্ষক, নেশায় সাহিত্য চর্চা য় বিশিষ্ট নাম। বহু পত্র পত্রিকায় লেখালেখি করেন, পেয়েছেন সাহিত্য চর্চায় বহু সন্মান,বর্তমানে থাকেন হুগলীর জেলার সিঙ্গুরে, মুক্তবলাকা সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক

Comments
Post a Comment