সভ্যতার সংকট
কবিতাঃ-উন্মুক্ত গদ্য কবিতা
--------------------------------------------------------------------
-:- সভ্যতার সংকট -:-
কলমেঃ-শিবলু চক্রবর্তী
রচনাকালঃ-২৭/০১/২০২১
--------------------------------------------------------------------
প্রাণী জগতে বিবেকের দেহে ঢুকেছে ভাইরাস
ভাঙছে ঘর;
দৃষ্টি-ঘ্রাণ-স্বাদ-স্পর্শ-ধ্বনি-শক্তি
সম্পর্কিত শব্দ দূষণে,
কাছের কেউ আর কাছে নেই ।
হাতুড়ে ওঝা-কবিরাজ ব্যর্থ হয়েছে
বড়ো ডাক্তার লাগবে
বিষাক্ত সভ্যতার সংকটে
সুশীল বুদ্ধিজীবীর আকাল পড়েছে
চেতনায় ধরেছে ঘুণ ।
প্রকৃত পণ্ডিতেরা করেনা পাণ্ডিত্ব ---
ইতর-গর্দভ,অল্প-বিদ্যা-ভয়ঙ্করী---
করছে মহান কর্মের মাতব্বরি ,
কোথাও মিলবেনা বিশুদ্ধ শব্দব্রহ্মের রসদ?
ওরা কি বুঝবে এর মর্ম ?
শিক্ষা আজ কারিগর গড়েনা,
দেয়না আনন্দ
বাড়ায় অযথা মনের চাপ ,
অর্থ কামানোর যান্ত্রিক বাগ্মি-আরাধনা---
সভ্যতার অভিশাপ ।
শিকলে বাঁধা খাঁচায় পোরা ময়না পাখিটা ,
নিজস্ব ভাষা ফেলেছে হারিয়ে--
দৃষ্টান্ত মহাকাব্য, হয়ত বাস্তব বা দর্শন--
সমাজ সংস্কৃতির মুক্ত চেতনার
মস্তিষ্কে বিরাজ করেনা
সদ্য প্রস্ফুটিত সুকম্পিত সুরেলা কন্ঠের
কোমল ধ্বনি,
সোনার ময়নার কানে বেজে ওঠে ঘোর অন্যায়
তবুও--
নীরব নতমস্তক---
শেখে চাপিয়ে দেওয়া শেখানো বুলি।
সভ্যতা গড়ার কারিগর
জাতির মর্যাদার প্রতীক,
মৌলিকত্ব নষ্ট করে ,
দায় পড়েছে অসভ্য জনের হাতে,
আলো নিভিয়ে আলোর খোঁজে ----
ওঠবোস অন্ধকারের সাথে !
সভ্যতার সংকট কালের যুগ-সন্ধিক্ষণে
চৈতন্যদায়ী শক্তি দাও
অসুস্থ বিকৃত মস্তিস্কের পরিবর্তনে,
হে মহাকাল---
যুগ-যুগ ধরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ধরেছে ঘূণ,
সমগ্র ভূমণ্ডলে জ্বলছে অগ্নিস্ফুলিঙ্গ
এবার তুমি প্রকট হও,
আত্মতৃপ্তির সুখে নয়,
আত্মব্যাপ্তির সুখানুভূতিতে ।
------------------------------------------------------------
লেখকঃ-শিবলু চক্রবর্তী,
ফুলিয়া, নদিয়া,
পঃবঃ, ভারত ।
রচনা কালঃ-২৫/১/২০২০
--------------------------------------------------------------------.

অসাধারণ রচনা
ReplyDelete