শিরোনাম: ঘুরে দাঁড়াই
কবিতা: ঘুরে দাঁড়াই
কলমে: ডঃ রমলা মুখার্জী
হয়েছো মস্ত,কেতাদুরস্ত,আত্মসুখে সতত মগন-
ওঠো জাগো, তাকিয়ে দেখো,অবিচারে পূর্ণ গগন।
জাতপাতের কলুষ ধূমে আছন্ন সব অন্তরে-
লালন গায়,"জেতের কি রূপ দেখলাম না এই সংসারে।"
উপেক্ষা করে গোঁড়া হিন্দুর জনরোষ, মহাক্রোধ-
রামমোহন করে গেছেন সতীদাহ-প্রথা রোধ।
বিদ্যাসাগর বিধবাবিবাহে দুর্বার,সোচ্চার -
দমন করেন নারীর প্রতি অন্যায় অবিচার।
এভাবেই মহামানবরা আসেন যুগে যুগে-
অত্যাচারের বিপরীতে দাঁড়ান ভীষণ রুখে।
মানব ধর্মের মহান কর্মের উড়ান জয়রথে-
অন্যায় না সহে, সবাই প্রতিবাদে হাঁটি পথে।
দুরাচারী দেখেও যদি করি এখনও চুপ,
মুখোশেই থাকবে ঢেকে অত্যাচারীর রূপ।
অন্যায়কে সহ্য মানেই ভীরু,কাপুরুষতা -
ঘোচাতে হবে একসাথে সমাজের আবিলতা।
কত ক্লীব চারিপাশে দেখো চোখের ঠুলি খুলে-
কুকাজ করেও সাধু সেজে উঠছে ফেঁপে ফুলে।
জড়তার তামস কাটুক, প্রাণেতে অমিত বল......
রণকৃপাণ হস্তে বলি "চল রে, চল রে,চল"।
বৈঁচী, হুগলী 712134

অজস্র ধন্যবাদ।
ReplyDelete